দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (৬ আগস্ট) কক্সবাজারে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এমপি।
কক্সবাজারে পৌঁছেই তিনি জেলা প্রশাসনের আয়োজনে হিলডাউন সার্কিট হাউসের হলরুমে অনুষ্ঠিত ‘কক্সবাজার জেলায় মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সভায় কক্সবাজার জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণে চলমান অভিযান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ দমনে বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, কোস্ট গার্ড, র্যাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা কক্সবাজারে মাদক নির্মূল, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সফরের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দিনেও কক্সবাজারে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।