পর্যটন নগরী কক্সবাজারে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে অনুষ্ঠিত হয়েছে স্বতঃস্ফূর্ত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সোমবার (৩ আগস্ট) বিকেল তিনটায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক ও মাধ্যমিক বিভাগে বিভক্ত হয়ে চিত্রাঙ্কন (গ্রাফিতি) ও কবিতা আবৃত্তির মাধ্যমে ২৪-এর গণ-অভ্যুত্থানের স্মরণীয় ইতিহাস তুলে ধরেন ।
অনুষ্ঠানের শুরুতে গ্রাফিতি আঁকা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শুরু হয় কবিতা আবৃত্তি। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের অসাধারণ মেধা ও সৃজনশীলতার পরিচয় দেয়।
প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান শামসুল হক শারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশিদ
যুগ্ম সম্পাদক সৈয়দ আলম ও সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ূন শিকদার, প্রচার সম্পাদক এম. বেদারুল আলম,
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য নুরুল আমিন হেলালীসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সাংবাদিক-কন্যা রামিছা আমিন বলে,
”এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, এই জমজমাট আয়োজনে সাংবাদিকদের সন্তান ছাড়াও কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল চারটায় এই চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে বলে নিশ্চিত করেছেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু।