পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে এক সনাতনী নারীকে জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (১ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলার সচেতন সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন বলে আয়োজকদের দাবি।
দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের সোনালী ব্যাংক মোড় হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সনাতন সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
সমাবেশে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্যসচিব অন্যদা প্রসাদ রায় এবং দীপ্তি রানী ও কল্পনা রাণী।
পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতিমন্ত্রীর নামে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সনাতন সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় বলেন, মিথ্যা তথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়ে একজন জনপ্রতিনিধির চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
দীপ্তি রানী ও কল্পনা রাণী বলেন, প্রতিমন্ত্রীকে জড়িয়ে যে ভিডিও ও ছবি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে সনাতন সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা পঞ্চগড় প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সনাতন সম্প্রদায়ের নেতারা একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, এআই প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি ও সম্প্রদায়কে জড়িয়ে অপপ্রচার চালানো উদ্বেগজনক। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।