সারা বাংলাদেশের ঘোষিত পোগ্রামের আওতায় পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর ফেনী জেলা শাখার আয়োজনে ফেনী শহরে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।
সোমবার (০৩ আগষ্ট) পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন ফেনী শাখার সদস্য ও স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশ গ্রহণকৃত সকল সদস্যদের সপথ পাঠ করান স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপপরিচালক মো: দিদারুল আলম।
বিডি ক্লিন ফেনীর উপদেষ্টা ইমনুল হক ইমনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-আমিন সরকার, ফেনী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডা: কৃষ্ণ পদ সাহা, কনজারভেন্সি অফিসার সরওয়ার জাহান, ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান মজুমদার প্রমুখ।
অভিযানের সময় তারা ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, রাজাঝি দিঘির পাড়, থানা কমপাউন্ড এলাকা, হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও পাবলিক প্লেসের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা হক বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষে যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস ত্যাগ করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে। ফেনী শহরকে একটি দৃষ্টিনন্দন ও বাসযোগ্য শহরে রূপান্তর করা আমাদের একান্ত কর্তব্য। এছাড়াও সামাজিক কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।