কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়াস্থ সেগুনবাগিচা আবাসিক এলাকায় নিজস্ব অর্থায়নে ৪টি নতুন সড়কের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে কিছুদিন কাজ বন্ধ থাকার পর শনিবার সকালে বায়তুল নূর জামে মসজিদ সড়ক থেকে পুনরায় এই নির্মাণকাজ শুরু করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর টাওয়ার থেকে বাদশাঘোনা পর্যন্ত বিস্তৃত সেগুনবাগিচা আবাসিক এলাকাটি দীর্ঘদিন ধরে কাক্সিক্ষত অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। নিয়মিত পৌর কর পরিশোধ করা সত্ত্বেও সড়কগুলোর বেহাল দশার কারণে শিক্ষার্থী, রোগী ও পথচারীসহ সাধারণ বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘ প্রতীক্ষার পর এই উন্নয়ন কর্মকাণ্ড শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি নেমে এসেছে।
সড়কগুলোর নির্মাণকাজ শুরু করার সময় ঘোনারপাড়া বড় কবরস্থান সমাজ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম শাহজাহান, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাধারণ সম্পাদক সায়মুন আমিন এবং বায়তুল নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাশেদুল মজিদসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাজ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের জন্য কক্সবাজার পৌরসভার প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির আবেদনের প্রেক্ষিতে পৌরসভা এই ৪টি রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। প্রকল্পভুক্ত সড়কগুলো হলো: সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে কেফায়েত উল্লাহ আবুর বাড়ি পর্যন্ত, প্রধান সড়ক থেকে অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি পর্যন্ত, প্রধান সড়ক থেকে মোবারকের বাড়ি পর্যন্ত এবং প্রধান সড়ক থেকে বায়তুল নূর জামে মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত।