September 14, 2026, 5:04 am

পঞ্চগড়ে সীমান্তবর্তী মানুষের মাঝে ১৮ বিজিবির মেডিকেল ক্যাম্পেইন, বৃষ্টি উপেক্ষা করে মানুষের ভীড়

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 13 Time View

পঞ্চগড়ের সীমান্তবর্তী জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা (মেডিকেল ক্যাম্পেইন) ও ঔষধ বিতরণ করেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন।

শনিবার দিনব্যাপী আটোয়ারী উপজেলার ধামোরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ বিজিবির ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
এসময় পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, সহকারী অধিনায়ক জামাল উদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবির কর্মকর্তা, স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ নানা সামাজিক ও মানবিক কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। চলমান বর্ষা মৌসুমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। সীমান্তবর্তী এলাকার দুঃস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত জনসাধারণ কর্তৃক ব্যক্তিগতভাবে চিকিৎসা সেবা গ্রহণ করা অত্যন্ত দূরহ হয়ে পড়ে। এই বাস্তবতা বিবেচনায় সীমান্তবর্তী দুঃস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত জনগণের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) কর্তৃক আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

মেডিক্যাল ক্যাম্পেইনে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত প্রায় ৪৫০-৫০০ জন দুঃস্থ, হতদরিদ্র ও অসহায় নারী, পুরুষ এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
ষাটোর্ধ্ব নারী আছিয়া খাতুন বলেন, বিজিবির অভিজ্ঞ চিকিৎসকেরা নাকি এই মেডিক্যাল ক্যাম্পে এসেছেন শুনে হাঁটু ও কোমড়ের ব্যাথা নিয়ে এখানে আসছি। বিজিবি সদস্যরা আমাকে হুইল চেয়ারে করে নিয়ে এসেছেন। আমি চিকিৎসা সেবা ভালো পেয়েছি। বিনামূল্যে ওষুধ পেয়েছি আমি খুব খুঁশি।

আমিরুল ইসলাম নামে এক ব্যাক্তি বলেন, আমরা সীমান্তের মানুষজন চাইলেই দূরে গিয়ে চিকিৎসক দেখাতে পারি না। অনেক সময় আর্থিক সংকটে রোগী। সীমান্তের মানুষজনের সুযোগ সুবিধা ও চিকিৎসা সেবা নিশ্চিত বিজিবি এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্র চালু করেছে। আমি এখানে রেজিস্ট্রেশন করে অভিজ্ঞ চিকিৎসক দেখালাম। তারা আমাকে বিনামূল্যে ঔষধপত্র দিল। যদি মাসে একবার করে এ ধরনের চিকিৎসা সেবার আয়োজন করা হয় তাহলে আমাদের জন্য খুব উপকার হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ১৮ বিজিবি আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সীমান্তবর্তী জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে সহায়তা করা। এই মানবিক উদ্যোগ সীমান্তবর্তী এলাকার দুঃস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবার কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে।

বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সকল ধরনের আন্তঃ সীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সাথে বিজিবি সীমান্তবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution