কুমিল্লার চৌদ্দগ্রাম থানার একটি হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহীদুল ইসলাম মাসুদ প্রকাশ মাসুমকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত শহীদুল ইসলাম মাসুম ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চর চান্দিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
র্যাব জানায়, ২০০৯ সালের ১৬ মে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের হওয়া একটি হত্যা ও ডাকাতি মামলায় (মামলা নম্বর: ২৩) আদালত আসামি শহীদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনীর সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।