কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা এলাকায় ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে মা-ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে আকরপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন গাজীপুর গ্রামের নাছিমা আক্তার (৬০), তার ছেলে আতিক হোসেন (৩০), জিনোদপুর গ্রামের মাসুদ পারভেজ মিঠু (৩৪) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহাদাত হোসেন (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানা পুলিশ গাজীপুর গ্রামে অভিযান চালায়। এ সময় অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়।
পরে তাদের দেহ ও আশপাশে তল্লাশি চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করেছে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।