পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে তাঁর দল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আমাদের দল, তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।
বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। বিগত দিনের ফ্যাসিস্ট শক্তি যেন কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, তা অক্ষুণ্ন রাখতে সব দলের, সব মতের মানুষের ঐক্য প্রয়োজন।
তিনি আরও বলেন, পঞ্চগড়ের পাঁচজন সন্তান জুলাই আন্দোলনে প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জনের কার্যালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সুস্থতা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জুলাই শহীদ পরিবারের সদস্যরা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যরা।