পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রশাসনিক ভবন সম্প্রসারণ প্রকল্পকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গত ১৮ জুন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের মাধ্যমে উদ্বোধন করা একই প্রকল্পের উদ্বোধন বুধবার (৫ আগস্ট) আবারও করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এর আগে প্রথম উদ্বোধনের ফলকে থাকা সংসদ সদস্যের নাম পত্রিকার কাগজ দিয়ে ঢেকে রাখার ঘটনাও স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বুধবার দুপরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবনের ছয়তলা ভিত্তির ওপর তিনতলা ভবন নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতিকে জিরো টলারেন্সে নয়, সহনীয় পর্যায়ে নিয়ে আসব। সহনীয় পর্যায়ে এনে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করেছিলেন।
তিনি বলেন, একনেকের বৈঠকে ১ হাজার ৪৯২ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। অতীতে পরিকল্পনাহীনভাবে কিছু অবকাঠামো নির্মাণের সমালোচনা করে তিনি বলেন, কোথাও ১৮ ফুট প্রশস্ত সেতুর সঙ্গে ১২ ফুট সড়ক, আবার কোথাও সেতুর পর কোনো সড়কই ছিল না। ভবিষ্যতে এ ধরনের ত্রুটি যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তবে এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরেই সামনে আসে একই প্রকল্প দুইবার উদ্বোধনের বিষয়টি।
জানা যায়, গত ১৭ ও ১৮ জুন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করেন। ওই সময় এলজিইডির ভবন সম্প্রসারণ প্রকল্প উদ্বোধনের জন্য একটি ফলকও স্থাপন করা হয়। পরে সেই ফলকে সংসদ সদস্যের নাম, উদ্বোধনের তারিখসহ বিভিন্ন তথ্য পত্রিকার কাগজ দিয়ে ঢেকে রাখা হয়।
এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর ফলক থেকে কাগজ সরিয়ে নেওয়া হয়। তখন সেখানে ১৮ জুন ২০২৬ তারিখে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের উদ্বোধনের তথ্য স্পষ্টভাবে দেখা যায়। এরপর ৫ আগস্ট একই প্রকল্পে আবারও উদ্বোধনী অনুষ্ঠান হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, একটি সরকারি প্রকল্প কীভাবে দুই দফায় দুই সংসদ সদস্যের মাধ্যমে উদ্বোধন হলো।
স্থানীয়দের দাবি, একই প্রকল্পের উদ্বোধন নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিষয়টির সুষ্ঠু ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী সফিউল আলম বলেন, দুই অনুষ্ঠানই একই প্রকল্পকে কেন্দ্র করে হয়েছে। ৫ আগস্ট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছে। আমি তখন দায়িত্বে ছিলাম না, তবে জেনেছি এর আগে ১৮ জুন সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরও একই প্রকল্পের উদ্বোধন করেছিলেন।
৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১১৭ টাকা ব্যয়ে নির্মাণাধীন ভবনটির বাস্তবায়নের দায়িত্বে রয়েছে এমএইচ কর্পোরেশন। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, এলজিইডির কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।