September 14, 2026, 5:10 am

ফেনীতে শহীদ শ্রাবণের বাবার ক্ষোভ: ‘সংবর্ধনার দরকার নেই

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 9 Time View

আড়ম্বরপূর্ণ সংবর্ধনা নয়, শহীদদের রক্তে অর্জিত বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জানিয়েছেন ফেনীর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা।

বুধবার (০৫ জুলাই) গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ শ্রাবণের বাবা নেছার উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে রাজনীতি করবেন না।

​সারাদেশের ন্যায় ফেনীতেও নানা আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে বুধবার শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা ঘটে।

​অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের পিতা নেছার উদ্দিন বলেন, “আজ গণঅভ্যুত্থান দিবসে আমাদের পরিবার ও যোদ্ধাদের হাতে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। আসলে আমরা আপনাদের কাছে এবং রাষ্ট্রের কাছে এ ধরনের সংবর্ধনা চাই না। সংবর্ধনা পাওয়ার জন্য আমাদের ছেলেরা রাস্তায় জীবন দেয়নি; একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্যই তারা আওয়ামী লীগ ও পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল।

​আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, দেশের সব স্তরেই চরম বৈষম্য ছিল এবং সে বৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি। জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না; এতে কৃষক, মজুর থেকে শুরু করে সব পেশার মানুষের সম্পৃক্ততা ছিল। তাই আন্দোলনকে কোনো রাজনৈতিক দলের ফ্রেমে বন্দি করে ভাগ করা মানে শহীদদের প্রতি অসম্মান প্রদর্শন করা। একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার, বিরোধী দল এবং রাষ্ট্রের সব অংশীদারকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. সোহরাব আল হোসাইন, জেলা জামায়াতের আমীর মুফতী আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান।

​এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution