September 14, 2026, 5:04 am

ঝালকাঠী’র ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 20 Time View

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং পেয়ারা চাষ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করণের বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ভীমরুলীর জলপথ, নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য এবং বাগানগুলোর প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখেন রাষ্ট্রদূত। পরে তিনি বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার তাকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের কঠোর পরিশ্রম এবং পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকাতেও সীমিত পরিসরে পেয়ারা চাষ হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্র সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার দক্ষিণাঞ্চলের অন্যতম পরিচিত কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার নয়নাভিরাম দৃশ্য দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। মার্কিন রাষ্ট্রদূতের এ সফর স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution