ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা-৬ আসনের মাদক, যানজট, ফুটপাত দখল, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনা এবং পুলিশকে জানানোর পরও ব্যবস্থা না নেওয়ার বিষয়টিও তিনি বৈঠকে তুলে ধরেন।
রবিবার ১৩ সেপ্টেম্বর ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন ইশরাক হোসেন। একই সঙ্গে ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টদের অবহিত করেন তিনি।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা ১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম, ঢাকা ১২ আসনের সাইফুল আলম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশন, ওয়াসাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে বর্তমানে মাদকের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। মাদকের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের বিষয়েও তিনি বৈঠকে কথা বলেন। গেন্ডারিয়া, ঘুঁটিগড়, মুনসিরটেকসহ বিভিন্ন এলাকার ঘটনাগুলো তিনি বিস্তারিত তুলে ধরেন।
এ ছাড়া দখল হয়ে যাওয়া ফুটপাত এবং যত্রতত্র বাস ও অন্যান্য যানবাহন থামানোর কারণে সৃষ্ট বিশৃঙ্খলা ও যানজটের বিষয়টি তুলে ধরেন তিনি। ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটের সমস্যার পাশাপাশি কাপ্তানবাজার ও মুরগিপট্টির বিষয়েও বৈঠকে কথা বলেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।
সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে আনাগোনা দেখা যাচ্ছে বলেও বৈঠকে জানান ইশরাক। এসব বিষয়ে পুলিশকে জানানোর পরও সংশ্লিষ্ট থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগও তিনি তুলে ধরেন।
বৈঠকে ঢাকা-৬ আসনের এসব সমস্যা সংশ্লিষ্টদের অবহিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন ইশরাক হোসেন।
Leave a Reply