October 30, 2026, 2:15 am

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই, বয়স হয়েছিল ৭৭ বছর

Reporter Name
  • Update Time : Thursday, October 15, 2026
  • 31 Time View

মুন্সীগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। বুধবার, ১৪ অক্টোবর, দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, আব্দুল হাইয়ের জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি চলছে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে মুন্সীগঞ্জে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল হাই পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়।

১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন আব্দুল হাই। এর পরের বছর, ১৯৭৯ সালে, প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই রাজনীতিবিদ।

তার মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিন জেলার রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতার প্রয়াণে শোক জানিয়েছেন তার রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution