October 30, 2026, 1:20 am

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দাবি শুনলেন প্রধানমন্ত্রী, দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2026
  • 30 Time View

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের সমস্যা সমাধানে বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার, ১৭ অক্টোবর, রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা নিজেদের নানা সমস্যা ও দাবি তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।

বক্তারা জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রাজনৈতিক অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ততার দাবি জানান। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের বিষয়টিও তুলে ধরেন তারা।

জবাবে প্রধানমন্ত্রী আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কৃষিকাজে আগ্রহী বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি।

চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করার দাবি বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বড় শহরগুলোতে প্রতিবন্ধীবান্ধব ও সহজলভ্য গণপরিবহন চালুর উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপযোগী ও কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার গঠনের পর বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় ভবিষ্যতে এই ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদ মো. মহসিন প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ নিয়ে আসেন। প্রধানমন্ত্রী নিজে মঞ্চ থেকে নেমে এসে ক্যাপটি গ্রহণ করেন। এ সময় বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে মহসিনের দলকে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার, মর্যাদা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution