বাংলাদেশে কৃষি উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে উইনরক ইন্টারন্যাশনালের অবদানের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে বঙ্গভবনে সংস্থাটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুদা মাকসুদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ প্রশংসা করেন। পরে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
সাক্ষাৎকালে দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য বিপণনের সুযোগ এবং মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এসব ক্ষেত্রে উইনরক ইন্টারন্যাশনালকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পাশাপাশি শিক্ষা, কৃষি, জলবায়ু সহনশীলতা এবং অভিবাসী কর্মীদের সুরক্ষাসহ দেশের অগ্রাধিকারভিত্তিক খাতগুলোতে সংস্থাটির চলমান কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বাংলাদেশে সংস্থাটির কর্মকাণ্ড আরও বিস্তৃত করার ওপরও জোর দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
এ সময় উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
উল্লেখ্য, ১৯৮০-এর দশক থেকে বাংলাদেশে কৃষি উন্নয়ন, জীবিকায়ন, জলবায়ু সহনশীলতা ও মানবপাচার প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে উইনরক ইন্টারন্যাশনাল।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply