বকেয়া বেতন পরিশোধ, বেতন বৃদ্ধি এবং ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সাত থেকে আটটি পোশাক কারখানার শ্রমিকরা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বাড়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সমাধান পাননি তারা। এ কারণে বাধ্য হয়ে সড়কে নেমে বিক্ষোভ করছেন।
শ্রমিকদের প্রধান দাবির মধ্যে রয়েছে সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ এবং হঠাৎ করে শ্রমিক ছাঁটাই বন্ধ করা।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধানে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।
অবরোধের কারণে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষকে সাময়িক ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
Leave a Reply