চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বহরম পাড়ায় ভিমরুলের কামড়ে আরহাম নামের সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাড়ির পাশেই খেলছিল শিশু আরহাম। ওই স্থানের কাছেই একটি ভিমরুলের বাসা ছিল। এ সময় পাশের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন শিক্ষার্থী ভিমরুলের বাসায় আঘাত করলে ভিমরুলগুলো দলবদ্ধভাবে বেরিয়ে আসে। একপর্যায়ে সেগুলো সরাসরি আহরামের ওপর আক্রমণ চালায়।
পরিবারের সদস্যরা দ্রুত আরহামকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাত প্রায় ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জনবসতিপূর্ণ এলাকায় থাকা ভিমরুলের বাসাগুলো দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।