October 30, 2026, 2:17 am

দক্ষিণ কোরিয়ার ট্রাফিক ব্যবস্থাপনা ও ইনচিয়ন ব্রিজ মিউজিয়াম পরিদর্শন করলেন যোগাযোগ মন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, September 18, 2026
  • 51 Time View

দক্ষিণ কোরিয়া সফররত বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি দেশটির রাজধানী সিউলের সেন্ট্রাল ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার এবং ঐতিহাসিক ইনচিয়ন ব্রিজ মিউজিয়াম পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং দীর্ঘ সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অত্যাধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা অর্জনের অংশ হিসেবে তাঁর এই বিশেষ পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে শেখ রবিউল আলম সেন্ট্রাল ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন। তিনি আধুনিক ট্রাফিক ও যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং সিস্টেম, ডিজিটাল মনিটরিং এবং সার্বিক ট্রাফিক নজরদারি কার্যক্রমের বিভিন্ন কারিগরি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সেন্টারের কার্যক্রমের ওপর বিস্তারিত ব্রিফিং দেন। ঢাকা তথা বাংলাদেশের ক্রমবর্ধমান শহুরে ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থার আধুনিকায়নে এসব প্রযুক্তির কার্যকারিতা ও প্রয়োগ নিয়ে মন্ত্রীর সঙ্গে তাঁদের বিস্তারিত আলোচনা হয়।

পরে শেখ রবিউল আলম ইনচিয়ন ব্রিজ মিউজিয়াম পরিদর্শন করেন। সমুদ্রের বুকে দীর্ঘ সেতু নির্মাণের নানামুখী চ্যালেঞ্জ, এর প্রকৌশলবিদ্যা, অত্যাধুনিক নির্মাণশৈলী এবং অপারেশন ও মেইনটেন্যান্সের নানা কৌশল তিনি ঘুরে দেখেন।

মিউজিয়ামে প্রদর্শিত মডেল ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে সেতু নির্মাণ ও ব্যবস্থাপনার অত্যাধুনিক প্রযুক্তি এবং এর কারিগরি দিক সম্পর্কে তিনি ধারণা লাভ করেন।

এ সময় শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের প্রধান নদীগুলোর ওপর নির্মিত এবং ভবিষ্যৎ মেগা সেতুগুলোর রক্ষণাবেক্ষণ ও টোল ব্যবস্থাপনায় এ ধরনের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution