দুই দিনের সরকারি সফরে আগামী ৬ ও ৭ আগস্ট কক্সবাজার সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরকালে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ কার্যক্রম, উন্নয়ন প্রকল্প এবং স্বাস্থ্যখাত-সংশ্লিষ্ট একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ৬ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা প্রায় ৬টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে মন্ত্রীর। এরপর সন্ধ্যা ৭টায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে অনুষ্ঠিত মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়নবিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
৭ আগস্ট (শুক্রবার) সকাল ১০টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কার্যালয় পরিদর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সকাল ১১টায় কউকের ‘ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১’-এর উদ্বোধন করবেন। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন।
সফর শেষে রাত প্রায় ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।