October 30, 2026, 12:28 am

দুই মাসে আমিনবাজারে দৃশ্যমান পরিবর্তন, সবুজায়ন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Sunday, October 18, 2026
  • 30 Time View

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে হওয়া পরিবর্তনকে এর উদাহরণ হিসেবে তুলে ধরেছেন তিনি।

রোববার, ১৮ অক্টোবর, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, প্রায় দুই মাস আগের তুলনায় আমিনবাজার এলাকার পরিবেশ ও সৌন্দর্যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এর ফলে এলাকাটি আরও দৃষ্টিনন্দন হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে অর্জিত পরিবর্তন ধরে রাখতে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগমকে আমিনবাজারের আশপাশে ঢাকা জেলার আওতাধীন এলাকাগুলোতেও সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিতে বলেন।

এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে থাকা মিল ও কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট এলাকার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেন তিনি।

যেসব স্থানে এখনো ময়লা-আবর্জনা জমে রয়েছে, সেসব জায়গা পরিষ্কার করা এবং সৌন্দর্যবর্ধনের জন্যও পরিকল্পিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করলে পরিবেশদূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব।

এ সময় সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদেরও এ কাজে সহযোগিতার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমিনবাজার এবং আশপাশের এলাকাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগকে দেশের অন্যান্য জেলার জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করে তারেক রহমান আশা প্রকাশ করেন, অন্য জেলার প্রশাসকেরাও নিজ নিজ এলাকার পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে কার্যকর পদক্ষেপ নেবেন।

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের এই উদ্যোগের লক্ষ্য হলো পরিবেশের উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং মানুষের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution