দেশের সব মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শন করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। সেই নিয়ম বাস্তবায়নের অংশ হিসেবেই সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেট তৈরিতে ব্যবহার করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম। এতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। পাশাপাশি নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা সৌন্দর্যবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।
অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে নিবন্ধন নম্বর সামনে প্রদর্শনের নমুনা হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে নম্বরপ্লেট লাগানোর জন্য মোটরসাইকেলের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তাই আপনার মোটরসাইকেল থাকলে নম্বরপ্লেট সংযোজনের বিষয়ে বিআরটিএর মূল গণবিজ্ঞপ্তি দেখে নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত নিশ্চিত করে নিন।
Leave a Reply