রাঙামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৫ বছর বয়সী এক রোগীর হাতে দীর্ঘ ৩২ বছরের জটিল সমস্যা সফল অস্ত্রোপচারের মাধ্যমে সমাধান করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোগী দীর্ঘদিন ধরে ডুপুইট্রেনস কনট্র্যাকচার (Dupuytren’s Contracture) রোগে আক্রান্ত ছিলেন। এ কারণে তার ডান হাতের একাধিক আঙুল স্থায়ীভাবে বাঁকা (Flexion Deformity) হয়ে যায়। তিনি হাত সম্পূর্ণ সোজা করতে কিংবা সমতল স্থানে হাতের তালু রাখতে পারতেন না। সময়ের সঙ্গে সমস্যাটি আরও জটিল হয়ে দুই আঙুলের মাঝেও ক্ষতের সৃষ্টি হয়।
এ ধরনের জটিল রোগের চিকিৎসা সাধারণত প্লাস্টিক সার্জারি বিভাগের আওতাভুক্ত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে আর্থিক সীমাবদ্ধতা এবং কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের প্রতি আস্থার কারণে তিনি স্থানীয় হাসপাতালেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) প্রায় দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা সফলভাবে রোগীর হাতের জটিল সমস্যা দূর করতে সক্ষম হন। দীর্ঘ ৩২ বছর পর অস্ত্রোপচারের পর তিনি প্রথমবারের মতো হাত সম্পূর্ণ সোজা করে টেবিলের ওপর রাখতে সক্ষম হন।
সফল অস্ত্রোপচারের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সংশ্লিষ্ট SSN, অপারেশন থিয়েটারের নার্সিং টিম এবং অপারেশন টিমের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সার্জারি কনসালট্যান্ট পদায়ন করা হলে ভবিষ্যতে আরও জটিল অস্ত্রোপচারসহ উন্নত সার্জারি সেবা উপজেলা পর্যায়েই প্রদান করা সম্ভব হবে।
এছাড়া, যেকোনো স্বাস্থ্য সমস্যায় ২৪ ঘণ্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে হাসপাতালের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।